উপন্যাসের প্রতি টান বেশি পাঠকের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৪

প্রতিবছরই কোন কোন বই মানুষের মুখে মুখে ফিরতে থাকে। বিক্রিরও থাকে শীর্ষে। বইমেলার আগে থেকেই পাঠকরা অপেক্ষা করে থাকে এবছর মুহম্মদ জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন, আনিসুল হকের কী বই আসছে মেলায়। এ কথা তো সবারই জানা, এবারের মেলায় আনিসুল হকের ইতিহাসভিত্তিক উপন্যাসের চতুর্থ পর্ব এবার এসেছে মেলায়। ‘এই পথে আলো জ্বেলে’ এটি তার ইতিহাসভিত্তিক ধারাবাহিক উপন্যাসের চতুর্থ পর্ব। এ পর্বে উঠে এসেছে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের উত্তাল ১৯৬৯ সাল। যে সময়ে শেখ মুজিবুর রহমান হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু। সেই সময়ের ইতিহাসই কাহিনী হয়ে উঠে এসেছে বইয়ের পাতায়। বইটি এনেছে প্রথমা। মুক্তিযুদ্ধ নিয়ে বড় উপন্যাস লিখেছেন ইমদাদুল হক মিলন ‘একাত্তর ও একজন মা’ বইটি প্রকাশ করেছে অনন্যা। এছাড়াও উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন, হরিশংকর জলদাস, স্বকৃত নোমান।

প্রকাশকরা বলছেন, নতুন উপন্যাসের কদর রয়েছে। তবে, পুরানো উপন্যাসের কদর কমেনি। এবারের বইমেলার কিছু নতুন উপন্যাস : কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে সেলিনা হোসেনর ‘সময়ের ফুলে বিষ পিঁপড়া’, লেখক ও সাংবাদিক মুস্তাফিজ শফি’র ‘জিন্দালাশ অথবা রমেশ ডোম’, অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে   কথাসাহিত্যিক স্বকৃত নোমানের নতুন উপন্যাস ‘মায়ামুকুট’-সহ আরও বেশ কয়েকজন লেখকের উপন্যাস। ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে আফজাল হোসেনের ‘একাকী আকাশ ওখানে’, আফতাব হোসেনের ‘জীবন সায়াহ্নে’ এবং সুহান রিজওয়ানের ‘পদতলে চমকায় মাটি’। বিদ্যাপ্রকাশ থেকে এসেছে সদ্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়া কথাসাহিত্যিক মোহিত কামালের ‘‘লুইপা’র কালসাপ’’ ও জুলফিয়া ইসলামের ‘করাঘাতের শব্দ শুনি’-সহ বেশ কয়েকজন লেখকের উপন্যাস। প্রথমা থেকে প্রকাশিত হয়েছে হরিশংকর জলদাসের ‘সুখলতার ঘর নেই’, জাকির তালুকদারের উপন্যাস ‘মৃত্যুগন্ধী’ ও মাসরুর আরেফিনের ‘আগস্ট আবছায়া’ ইত্যাদি। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে হাসনাত আবদুল হাই’য়ের ‘ফেসবুকে কয়েকদিন’, চিত্তরঞ্জন দাসের ‘কপোতাক্ষের হাসিকান্না’, তাশরিক-ই-হাবিবের ‘নাইয়র’-সহ আরও বেশ কয়েকজন লেখকের উপন্যাস। অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে সাংবাদিক নঈম নিজামের ‘অন্ধকার জগতের কাহিনি’, পিয়ারা বেগমের ‘শেষ প্রহরের আলোয়’ কিঙ্কর আহ্সানের ‘বিবিয়ানা’ ও মালিহা তাবাসসুমের ‘বৃত্তবন্দি’-সহ আরও বেশ কয়েকজন লেখকের উপন্যাস। তাম্রলিপি থেকে প্রকাশিত হয়েছে তরুণ উপন্যাসিক মাজহার সরকারের ‘নেমক হারাম’ সহ আরও বেশ কয়েকজন লেখকের উপন্যাস।

ছড়াসাহিত্যে মুক্তিযুদ্ধ

গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় বাংলাদেশের ছড়াসাহিত্যে মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সুজন বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন আলম তালুকদার, আসলাম সানী, লুত্ফর রহমান রিটন, আমীরুল ইসলাম এবং আনজীর লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন প্রকাশিত গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশ নেন মতীন্দ্র মানখিন, ফারুক মঈনউদ্দীন, ওবায়েদ আকাশ,  রেজা ঘটক, আলতাফ শাহনেওয়াজ এবং বদরুল হয়দার।

কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি রবীন্দ্র গোপ, মতিন বৈরাগী। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রেজিনা ওয়ালী, এনামুল হক বাবু। এগনেস র্যাচেল প্যারিসের পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ ‘গীতিনাট্য’ পরিবেশন করেন এবং শাহাবুদ্দিন আহমেদ দোলনের পরিচালনায় ছিল সাংস্কৃতিক সংগঠন : ‘সুর ধারা সংগীতায়ন’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী শারমিন সুলতানা, সুমন চন্দ্র দাস এবং মো. জাকির হোসেন।