টেস্টে সবসময় সিনিয়রদের প্রয়োজন হয়: মুমিনুল

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৬:২৯

শুক্রবার (২৬ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। চট্টগ্রামে অনুষ্ঠেয় এই ম্যাচে সিনিয়র ক্রিকেটারদের পাচ্ছে না টাইগাররা। তাইতো আজ (২৫ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে অধিনায়ক মুমিনুল হকের কণ্ঠে অসহায়ত্ব ও হতাশা দেখা গেলো।

চোটের কারণে দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের সেরা পেস বোলার তাসকিন আহমেদ। অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। দলে অভিজ্ঞ বলতে কেবল অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম।

ব্যাটিংয়ে বড় দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ নাজমুল শান্তকে, সেটা নিয়েই হয়তো কথা বলছেন তারা দুজন

পুরো স্কোয়াডে তরুণ ক্রিকেটারদের ছড়াছড়ি। তবে বিষয়টিকে চাপ না মনে করে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন টাইগার দলপতি। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের শুরুটাকে তরুণদের জন্য ভালো সুযোগ হিসেবেও দেখতে চান তিনি।

মুমিনুল বলেন, ‘দলে সিনিয়র না থাকাটা অধিনায়কের জন্য একটা চ্যালেঞ্জ। ওয়ানডে ও টি-টোয়েন্টির চিত্র আলাদা। কিন্তু টেস্টে সবসময় সিনিয়রদের প্রয়োজন হয়। তাই একটু চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে।’

অনুশীলনে মুমিনুল হক

তরুণ অধিনায়ক হিসেবে অবশ্যই এটা হতাশাজনক জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে চলবে না, জুনিয়রদের দায়িত্ব নিতে হবে। নিজেকে প্রমাণে এটা তাদের জন্য নতুন সুযোগ।’

টেস্ট অধিনায়ক বলেন, ‘সাকিব ভাই, তামিম ভাই ও তাসকিন আমাদের নিয়মিত খেলোয়াড়। ফলে তারা না থাকলে কাজটা একটু কঠিন হয়ে যাবে। তবে এটা চলমান প্রক্রিয়া এবং কাউকে পাবো, আবার কাউকে পাবো না। এটা নিয়ে পড়ে থাকলে চলবে না, যারা আছে তাদের নিয়েই এগোতে হবে।’

ইত্তেফাক/টিএ