অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়ে আসছে, তাদের মধ্যে একজন টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়। সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই তরুণ। তাইতো ফলস্বরুপ ডাক পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে।
কিন্তু কী কারণে তাকে দলে নেওয়া হয়েছে কিংবা কোন পজিশনে খেলানো হবে, সে সম্পর্কে নির্বাচকরা কিছুই জানাননি। এটি নিয়েই এবার অধিনায়ক মুমিনুল হককে প্রশ্ন করেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানান, তরুণ ক্রিকেটার মাহমুদুল হাসান জয়কে ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে।
প্রথম টেস্টের দলে ওপেনার আছেন মাত্র দুইজন, সাদমান ইসলাম ও সাইফ হাসান। অর্থাৎ তৃতীয় ওপেনার হিসেবে দলে ডাক পেয়েছেন জয়। যদিও জাতীয় লিগে ওয়ান ডাউনে খেলে থাকেন এই ক্রিকেটার।
