মোড়ে মোড়ে শীতের পিঠার ঘ্রাণ

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪:১৬

শীতকাল এলেই বাঙালির মনে উঁকি দেয় পিঠার কথা। পিঠা ছাড়া বাঙ্গালীর শীত যেনো পরিপূর্ণ হয় না। আর শীতের শুরুতেই ধোবাউড়ায় রাস্তার মোড়ে মোড়ে পিঠা বিক্রির ধুম পড়ে গেছে। লোকজন রাস্তার পাশে দাঁড়িয়ে গরম ধোঁয়া ওঠা পিঠা খেতে ভিড় জমাচ্ছেন। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এ পিঠা বিক্রি।

উপজেলা সদর এলাকার কলসিন্দুর মোড়ে, থানার সামনে ও সদরের বাইরেও বিভিন্ন স্থানে চলছে পিঠা বিক্রি। সন্ধ্যা হলেই সাধারণ মানুষ এসে ভিড় করছেন পিঠার দোকানে।

কলসিন্দুর মোড়ের পিঠা ব্যবসায়ী মোরশেদ আলী জানান, শীতের মৌসুমে তিনি অনেক পিঠা বিক্রি করে নিজের সংসার পরিচালনা করেন। ভাপা পিঠা ও চিতই পিঠার বেশি চাহিদা রয়েছে। তার সাথে ভর্তার মধ্যে রয়েছে দুই রকমের শুটকি ভর্তা, সরিষা, ধনেপাতা ও কালিজিরা ভর্তা। তাকে সহযোগিতা করেন তার স্বামী মনোয়ার ও ছেলে নবী হোসেন। প্রতিবছরই তিনি এখানে দোকান দেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে গত বছর দোকান দিতে পারেননি। এবার পিঠার পসরা সাজিয়েছেন।

পিঠা খেতে আসা এক ব্যবসায়ী জানান, শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা, তাই কোনভাবেই মিস করি না। প্রতিদিন এই দোকানে এসে পিঠা খাই।

ইত্তেফাক/এমআর