ছুটির দিনের রূপ রুটিন

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৯:২৯

প্রতিদিনের ব্যস্ত রুটিনের চাপে রূপচর্চার জন্য সময় বের করাটা একটু কঠিনই বটে। তবে নিজেকে সুন্দর রাখার জন্য সপ্তাহের একটি দিনে কয়েক ঘণ্টা সময় বের করা খুব যে অসম্ভব তাও নয়। তাই সপ্তাহের শেষে চুল এবং ত্বকের যত্ন প্রয়োজন। যদি একদিন সময় করে যত্ন নেন, দেখবেন এক সপ্তাহের সব সমস্যা ওই একদিনের যত্নেই মিটে গেছে।

প্রাকৃতিক উপায়ে তৈরি ডিপ কন্ডিশনিং মাস্ক ব্যবহার করলে চুলের রুক্ষতা ও নির্জীবতা কমবে

চুলের যত্ন
হেয়ার কালারের জন্যই হোক বা অতিরিক্ত হিটিং টুলসের ব্যবহার কিংবা সঠিক যত্নের অভাব—বাড়িতে প্রাকৃতিক উপায়ে তৈরি ডিপ কন্ডিশনিং মাস্ক ব্যবহার করলে অনেক সমস্যাই মিটে যাবে।  এতে চুলের রুক্ষতা এবং নির্জীবতাও কমবে। 

যেদিন মাস্ক ব্যবহার করতে চাইবেন, তার আগের রাতে একটু সময় বের করে স্ক্যাল্পে হট অয়েল মাসাজ করে নেবেন। অলিভ অয়েল বা নারকেল তেল সামান্য গরম করে স্ক্যাল্পে সার্কুলার মোশনে মাসাজ করে ঘুমাতে চলে যান। পরদিন এক চা-চামচ অলিভ অয়েল, একটি ডিম, এক চা-চামচ মধু এবং একটা পাকা কলা ভালোভাবে চটকে মিশিয়ে নেবেন। 

যেদিন মাস্ক ব্যবহার করবেন, তার আগের রাতে স্ক্যাল্পে হট অয়েল মাসাজ করে নেবেন

সব উপকরণ ভালোভাবে মিশে গেলে স্ক্যাল্প থেকে চুলের ডগা অবধি পুরোটা ভালোভাবে কোট করে নিন। এবার চুলে খোঁপা করে শাওয়ার ক্যাপ বা পুরনো তোয়ালে জড়িয়ে আধঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে ভালো করে চুল ধুয়ে নেবেন। একবার ব্যবহার করলেই দেখবেন চুল আগের তুলনায় অনেক বেশি চকচকে এবং নরম দেখাচ্ছে।

 বাজারের প্রসাধনী নয়, বাড়িতে প্রাকৃতিক উপায়ে তৈরি বিভিন্ন মাস্ক ব্যবহার করুন ত্বকে

ত্বকের যত্ন 
চুলে প্যাক লাগানোর পর আধঘণ্টা বসে না থেকে ত্বকের যত্ন শুরু করে দিতে পারেন। এক্ষেত্রে ফেশিয়াল মাস্ক উপকারী হতে পারে। ত্বকের সমস্যা বুঝে মাস্ক লাগাবেন। এক টেবিল চামচ অ্যাভোকাডোর ক্বাথ, এক টেবিল চামচ টক দই এবং এক টেবিল চামচ মধু এক সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ চোখের অংশ বাদে ত্বকের বাকি অংশে লাগিয়ে রখুন ১৫ মিনিট। এরপর হালকা গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মুখ মুছে নেবেন। শেষে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না।

ত্বকের উজ্জ্বলতা ফেরাতে অল্প মধুর সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগাতে পারেন

যদি ত্বক নির্জীব দেখায় তাহলে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে খানিকটা মধুর সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। এতে ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে। ত্বকের সব টক্সিন ফ্লাশ আউট হবে এবং মুখে কোনো দাগ-ছোপ থাকলে তাও হালকা হবে। এই মাস্কও ১৫ মিনিট রাখলেই যথেষ্ট। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ইত্তেফাক/আরএম 

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন