ট্রিপল সেঞ্চুরির মাইলফলকে ‘মাশরাফি জুনিয়র’

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২৩:১৯

টেস্টে বা ওয়ানডেতে নয়, ‘মাশরাফি জুনিয়র’ ট্রিপল সেঞ্চুরি করলো ধারাবাহিক নাটকে। ২০২০ সালের ২৮ নভেম্বর শুরু হয় নাটকটির প্রচার৷ প্রতিদিন প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে রাত ৮ট ৩০ মিনিটে। আগামী ২৭ নভেম্বর শনিবার ৩০০তম পর্ব প্রচারের মাইলফলক ছুঁয়ে যাবে এ নাটকটি।

দেশে-বিদেশে, সব বয়স ও শ্রেণি পেশার মানুষের কাছে গত এক বছরে সমানভাবে জনপ্রিয় হওয়া নাটকটি বলে যাচ্ছে ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’।

‘মাশরাফি জুনিয়র’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

টিভি ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে নাটকের প্রতিটি পর্ব দেখতে অপেক্ষায় থাকেন দর্শকেরা। সেইসব দর্শকদের ভালবাসা আর গল্পে নতুন নতুন চমক নিয়ে এবার ৩০০তম পর্ব প্রচারের দ্বারপ্রান্তে পৌঁছেছে ‘মাশরাফি জুনিয়র’।

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় এই ধারাবাহিকের অভিনয় দিয়ে এর মাঝেই দর্শকদের মন জয় করেছে সাফানা নমনি, অনিন্দ, হামিম, তৃষিতা।

‘মাশরাফি জুনিয়র’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

নাটকে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, নাজনীন হাসান চুমকি, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অনেকে। লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার। প্রতিদিন টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাচ্ছে দীপ্ত টিভির ইউটিউব ও ফেসবুকে।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন