বুয়েট, ঢাবি আর আইইউটিতে প্রথম বগুড়ার মেফতাউল

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৮:৪১

বুয়েট, ঢাবির ক ইউনিট ও আইইউটিতে প্রথম, ইঞ্জিনিয়ারিং গুচ্ছে তৃতীয় আর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় হয়েছেন ৫৯তম। সারা বাংলাদেশকে রীতিমত অবাক করে দেওয়া মেফতাউল আলম সিয়াম গড়েছেন একের পর এক রেকর্ড, যা রীতিমতো অবিশ্বাস্য! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে রেকর্ড পরিমাণ ১১৭ দশমিক ৭৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৭ দশমিক ৭৫) পেয়ে প্রথম হয়েছেন তিনি। 

এর আগেও গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম হন মেফতাউল। আর মাত্র কিছুদিন আগে ফলাফল প্রকাশিত হওয়া  ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে তৃতীয় হয়েছেন। বেশ কয়েকদিন আগেই সম্পন্ন হওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫৯ হয়ে তিনি ইতোমধ্যেই ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। মেডিকেল কলেজের সম্মিলিত ভর্তি পরীক্ষার ফলাফলে ২৮২ দশমিক ৭৫ নম্বর পেয়েছেন তিনি।

এত অর্জনের ভিড়ে সবার চোখ ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার দিকে। অবিশ্বাস্য হলেও সত্যি যে বুয়েট ভর্তির সদ্য প্রকাশিত ফলাফলেও প্রথম বগুড়ার এই কৃতিসন্তান।  বাংলাদেশের এতগুলো শীর্ষ বিশ্ববিদ্যালয়ে একাধারে প্রথম হওয়ার রেকর্ড মেফতাউল আলম সিয়াম ছাড়া আর কারোর আছে বলে জানা যায়নি।

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন মেফতাউল। মাধ্যমিকেও পেয়েছিলেন জিপিএ-৫। করোনা পরিস্থিতির কারণে কোনো ভর্তি কোচিংয়ে সরাসরি ক্লাস করেন নি। ঘরে বসে অনলাইনে বিভিন্ন ক্লাসে অংশ নিয়ে দিকনির্দেশনা পেয়েছেন। গ্রামের বাড়িতে বসেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে পেয়েছেন আশাতীত সাফল্য।

রেজাল্ট প্রকাশিত হওয়ার পর মেফতাউল তার ফেসবুক আইডিতে সৃষ্টিকর্তা ও সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, বুয়েটে প্রথম হওয়ার মাধ্যমে আমার ভর্তিযুদ্ধ শেষ হলো। এতগুলো বছরের সকল স্বপ্ন, আশা, পরিশ্রম, নির্ঘুম রাত অবশেষে তার মূল্য দিয়েছে। সৃষ্টিকর্তা ও আমার সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।'

ইত্তেফাক/এসটিএম