হামলা চালালে ভারতকে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইমরানের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেবে। কাশ্মিরের পুলওয়ামায় গত সপ্তাহে জঙ্গি হামলায় ৪০ জনের বেশি জওয়ান নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হবার পর ইমরান খান এ কথা বললেন। তবে বিশ্বকে বিভ্রান্ত না করতে ইমরান খানের প্রতি আহবান জানিয়েছে ভারত। অন্যদিকে ভারতের এক কমান্ডার হুঁশিয়ারি দিয়েছেন, কাশ্মিরে অস্ত্রধারীদের নির্মূল করা হবে। তিনি সন্তানদের জঙ্গিবাদ থেকে ফেরাতে মায়েদের প্রতি আহবান জানিয়েছেন। খবর বিবিসি ও এনডিটিভি’র

টিভিতে দেওয়া ভাষণে গতকাল ইমরান বলেন, তিনি আশা করেন যে শুভবুদ্ধিরই জয় হবে, কিন্তু ভারত কোন সামরিক পদক্ষেপ নিলে পাকিস্তান তার পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ইমরান বলেন, ভারতের হাতে যদি এর কোন কার্যকর প্রমাণ থাকে, তাহলে তার উচিত তা বিনিময় করা। তদন্তে পাকিস্তান সহায়তা করবে বলেও ইমরান খান উল্লেখ করেছেন।

ইমরান খান বলেন, পাকিস্তান যখন স্থিতিশীলতার পথে এগিয়ে চলেছে, তখন এরকম আক্রমণ থেকে তার কি লাভ হতে পারে? এর আগে এক সংবাদ সম্মেলনে ভারতের একজন শীর্ষ সামরিক কমান্ডার লে: জেনারেল কে জে এস ধীলন বলেন, ভারত সরকার জয়শ-ই-মোহাম্মদের শীর্ষ নেতৃত্বকে ধরার চেষ্টা করছে যারা আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত। তিনি জঙ্গিবাদ থেকে ছেলেদের ফেরাতে মায়েদের প্রতি আহবান জানিয়েছেন। না হলে তাদের নির্মূল করার অঙ্গীকার করেছেন। ভারতের সামরিক কমান্ড থেকে আসা এটিই এ পর্যন্ত সবচেয়ে কড়া মন্তব্য।

বিভ্রান্তি ছড়াবেন না

ইমরান খানের বক্তব্যের বিরোধিতা করে গতকালই বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইমরান খানকে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য বাদ দিয়ে জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মন্ত্রণালয়। ইমরান খান বলেছেন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের বর্তমান সরকার পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে। ভারত ইমরান খানের এই মন্তব্যকে দু:খজনক বলে উল্লেখ করেছে।