কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় আরও ২ আসামি গ্রেফতার

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৯:৩৬

কুমিল্লা নগরীর কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহা হত্যা মামলার এজাহারনামীয় আরও দুই আসামি আশিকুর রহমান রকি ও আলমকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদেরকে লালমনিরহাট ও কুমিল্লার সীমান্তবর্তী বড়জালা এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর তেলিকোনা এলাকার আনোয়ার হোসেনের পুত্র আশিকুর রহমান রকি ও সুজানগর পূর্ব পাড়া বউবাজার এলাকার মৃত জানু মিয়ার পুত্র ও প্রধান আসামি শাহ আলমের ভাই আলম। শনিবার বিকালে কুমিল্লা র‌্যাবের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

র‌্যাব জানায়, জোড়া খুনের মামলার আসামি নগরীর তেলিকোনা এলাকার আনোয়ার হোসেনের পুত্র আশিকুর রহমান রকি উত্তরবঙ্গে পালিয়ে আছে গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দল লালমনিরহাট জেলার চন্ডিবাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করে তাকে শনিবার বিকেলের দিকে কুমিল্লা নিয়ে আসে। এছাড়া অপর আসামি আলম মিয়াকে কোতোয়ালি থানার ভারত সীমান্তবর্তী বড়জালা এলাকা লুকিয়ে থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাবের অপর একটি দল শনিবার ওই এলাকায় অভিযান চালায়। একই সময়ে তাকে আটক করে র‌্যাব কুমিল্লা কার্যালয়ে নিয়ে আসা হয়। রাত সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই আসামিকে র‌্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানা গেছে। এদিকে মামলার এজাহারনামীয় ১১ জন আসামির মধ্যে এ পর্যন্ত চার আসামি গ্রেফতার হয়েছে। 

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সোমবার বিকেলে অস্ত্রধারী সন্ত্রাসীরা কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের পাথুরিয়াপাড়া থ্রি-স্টার এন্টারপ্রাইজের কার্যালয়ে ঢুঁকে এলোপাথাড়ি গুলি করে। এ ঘটনায় কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত পাঁচজন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

 

ইত্তেফাক/এমএএম