অনিয়মের বিরুদ্ধে বার ও বেঞ্চকে সোচ্চার থাকতে হবে --------- প্রধান বিচারপতি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২১

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, একজন আইনজীবীর জীবন কখনই মসৃণ নয়। বিভিন্ন চড়াই-উত্রাই পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে প্রয়োজন একাগ্রতা, নিষ্ঠা, সময়নুবর্তিতা, ধৈর্য, সততা, পরিশ্রম এবং নিরন্তর অধ্যয়ন। প্রতিটি মামলা পরিচালনায় তার শিক্ষা, মেধা এবং বিচক্ষণতার প্রয়োগ হতে হবে। তিনি বলেন, জেনে-শুনে মামলার ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা একজন আইনজীবীর কখনই উচিত নয়। সঠিক সাক্ষ্য-প্রমাণ এবং আইনি বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে আদালতকে সহায়তা করা একজন আইনজীবীর মূল উদ্দেশ্য। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এল.এল.এম লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত নবীন বরণ ও ফাগুন উত্সবে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আইন পেশার সুমহান মর্যাদা রক্ষা করতে সকল অনিয়মের বিরুদ্ধে বার ও বেঞ্চকে সোচ্চার থাকতে হবে। আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নবীন আইনজীবীদেরকে নিরন্তর অধ্যয়ন করতে হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স-মাস্টার্স পাস করার পর আপনারা অনেকেই আইন পেশা এবং উচ্চ ও নিম্ন আদালতে বিচারক হিসেবে নিয়োজিত আছেন। একজন আইনজীবীর শুধু আইনের ওপর দখল থাকলে চলবে না, পেশাগত আচার-আচরণেও সুন্দর হতে হবে। সর্বোপরি, তাকে অবশ্যই সত্ এবং উচ্চ নৈতিক মূল্যবোধ বজায় রাখতে হবে। কেননা বিচার নিষ্পত্তির সঙ্গে এর নিবিড় সম্পর্ক রয়েছে। আর সে কারণেই ব্যক্তিগত স্বার্থের চাইতে আদালতের প্রতি কর্তব্য এবং মক্কেলের প্রতি সেবার বিষয়টিই সবার আগে বিবেচনা করতে হবে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট একেএম ফয়েজের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সংগঠনের সম্পাদক শেখ আলী আহমেদ খোকন প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।