বাংলাদেশে ভয়াবহ ঘাতকব্যাধি কোভিড এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে নিয়ন্ত্রিত বলা যায়। সংস্থাটির মতে, শতকরা ৫ ভাগের নীচে থাকলে মহামারি নিয়ন্ত্রণে বলা হয়। কিন্তু উদ্বেগজনক বিষয় হচ্ছে সমগ্র ইউরোপে যখন স্বাভাবিক অবস্থা ফিরে আসে তখনই একাধিক ইউরোপীয় দেশে কোভিড নতুন করে হানা দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, এখনি ব্যবস্থা না নিলে মার্চ ২০২২ সালের মধ্যে ইউরোপে অন্তত পাঁচ লাখ লোক মারা যাবে। আর এজন্য এই ঘাতক মহামারি থেকে রক্ষা পেতে মাস্ক পরা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি ইউরোপের দেশ অষ্ট্রিয়া সাধারণ মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে আইন করার কথা ভাবছে।
এর পাশাপাশি আফ্রিকান নতুন একটি কোভিড ভ্যারিয়েন্ট ধরা পড়ায় নতুন আতঙ্ক দেখা দিয়েছে। তাই কোভিড নিয়ন্ত্রণের সফলতা ধরে রাখতে আমাদেরও উচিত সকলের মাস্ক পরা অব্যাহত রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সোশ্যাল গ্যাদারিং নিয়ন্ত্রণে রাখতে যথাযথ মনিটর করা। সবচেয়ে এখন বেশি জরুরি মাস্ক পরা অব্যাহত রাখা। তাহলে কোভিড থেকে আমরা নিরাপদে থাকতে পারব।

