ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গতকাল এ প্রতিষ্ঠানটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির সকল বিভাগ ও শাখার কার্যক্রমের সপ্তাহব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়।
গতকাল বিকালে জাতীয় চিত্রশালার ১ নম্বর গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ। বিকেলে জাতীয় নাট্যশালার লবিতে শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীদের পরিবেশনায় পিয়ানো ও মিউজিক্যাল অর্কেস্ট্রা পরিবেশিত হয়। আলোচনা পর্বে শুরুতে একাডেমির কার্যক্রমের তথ্যচিত্র পরিবেশিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব ড. কাজী আসাদুজ্জামান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল পরিবেশন করে অ্যাক্রোবেটিক ক্যাপ ডান্স, চয়েন থিয়ান, রিং ডান্স, সাউদিয়াও, ল্যাডার ব্যালান্স, এরিয়েল, পাইপ ব্যালান্স ও হাই সাইকেল।
