জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। এরপর মঙ্গলবার কোতোয়ালি থানার পুলিশ ক্যাম্পাসে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মশিউর রহমান পিপিএম বলেন , ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় গত সোমবার (১৮ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানার উপ পরিদর্শক খালিদ শেখ বাদী হয়ে একটি মামলা করেন। এতে জবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তরিকুল ইসলামের কর্মী তরিকুল ইসলাম রিমন ওরফে ছোট তরিকুল, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের কর্মী কামরুল ইসলাম, বিদ্রোহী গ্রুপের ছাত্রলীগ নেতা হাসান আহমেদ খান ও অপরজন ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি আশরাফুল ইসলাম টিটনসহ আরো অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় গতকাল প্রক্টরিয়াল বডির সহযোগিতায় ক্যাম্পাসে অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম আল অদম্য, রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবু সায়েমকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষ চলাকালে কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ, জড়িতদের শাস্তি ও ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের দাবিতে গতকাল মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট। বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
