ছেলেকে শেষবার একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন এক চীনা মানবাধিকার কর্মীর মা। হুয়াং কুই নামের সেই মানবাধিকার কর্মী ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি হান্ট।
ছেলেকে শেষবার একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে সিচুয়ান কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন মৃত্যুপথযাত্রী হুয়াং কুইইয়ের না। কারা কর্তৃপক্ষ তাকে আর্থিকভাবে সাহায্য করলেও ছেলের সাথে দেখা করতে দিচ্ছে না।
যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি একটি ভিডিও বিবৃতিতে হুয়াংয়ের মা পু ওয়েনকিং বলেন, দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ছেলের সাথে দেখা করতে চান তিনি। তবে কেউ তাকে কোনো রকম ব্যবস্থা করে না দিয়ে শুধু আর্থিক সাহায্য প্রদান করছে। এমনকি পিটিশনিং কমিউনিটির কাছ থেকেও তিনি কেবল অবহেলাই পেয়ে যাচ্ছেন।
আরেক মানবাধিকারকর্মী ওয়াং জিং রেডিও ফ্রি এশিয়াকে জানিয়েছেন, বিগত এক বছর ধরে তার ছেলের কোনো খোঁজ পাননি পু ওয়েনকিং। যেকোনো সময় ফুসফুসের ক্যান্সার কিংবা হার্ট ফেইলিয়রে মারা যেতে পারেন তিনি।
