গ্রামপুলিশকে ৪র্থ শ্রেণির বেতন স্কেল দিতে অর্থবিভাগের ‘না’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৪

ইত্তেফাক রিপোর্ট

গ্রামপুলিশদেরকে চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় সমস্কেল প্রদানের অবকাশ নেই বলে জানিয়ে দিয়েছে অর্থবিভাগ। গতকাল মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৭ আসনের সরকার দলীয় এমপি হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে একথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী জানান, তাদেরকে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমস্কেল প্রদানের ব্যাপারে ২০১২ সালের ২৪ সেপ্টেম্বর এক চিঠিতে অর্থবিভাগকে অনুরোধ করা হয়েছিল। সেই প্রেক্ষিতে অর্থবিভাগ সম্ভব নয় বলে জানিয়ে দেয়।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, সারাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৭১টি। প্রতিটি ইউনিয়ন পরিষদে ১০ জন গ্রামপুলিশ (১ জন দফাদার ও ৯ জন মহল্লাদার) রয়েছেন। সে অনুযায়ী সারাদেশে বর্তমানে গ্রামপুলিশের সংখ্যা ৪৫ হাজার ৭১০ জন। তিনি আরও জানান, অর্থবিভাগের জবাবের পর প্রধানমন্ত্রীর উদ্যোগে গত বছরের ৪ নভেম্বর ইউনিয়ন পরিষদে কর্মরত দফাদারদের বেতন ৩৪০০ টাকা থেকে বৃদ্ধি করে ৭ হাজার টাকায় এবং মহল্লাদারদের বেদন ৩ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার ৫শ টাকায় উন্নীত করা হয়েছে।