চিটাগাং সোশ্যাল বিজনেস সেন্টার অনুকরণীয় মডেল :ড. ইউনূস

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২২:৩০

চট্টগ্রাম অফিস

নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চিটাগাং সোশ্যাল বিজনেস সেন্টার লিমিটেড বিশ্বের প্রথম স্বেচ্ছাসেবী সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে সারাবিশ্বে অনুকরণীয় মডেল হিসেবে সমাদৃত হবে। মানুষের অর্থনৈতিক মুক্তি, বৈষম্য হ্রাস, মানবাধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ উন্নয়নের সংগ্রামে প্রতিষ্ঠানটি বিশাল অবদান রাখবে। সমপ্রতি জার্মানির ওলফসবার্গের আটোস্টেড আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চারদিনব্যাপী সোশ্যাল বিজনেস সামিট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের কৃতী সন্তান ড. মুহাম্মদ ইউনূসের জীবনের নানাবিধ কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে প্রকাশিত একটি প্রোফাইল তার কাছে হস্তান্তর করা হয়। ‘চাটগাঁইয়া নওজোয়ান নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস’ শীর্ষক প্রোফাইলটি হস্তান্তর করেন চিটাগাং সোশ্যাল বিজনেস সেন্টার লিমিটেডের অন্যতম উদ্যোক্তা সদস্য জিয়া উদ্দিন খালেদ চৌধুরী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জিয়া হাবীব আহ্সান।

উল্লেখ্য, চিটাগাং সোশ্যাল বিজনেস সেন্টার লিমিটেড নামের প্রতিষ্ঠানটি ২০১৪ সালে ড. ইউনূসের উদ্ভাবিত সামাজিক ব্যবসার আদর্শে উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রামের কয়েকজন বিশিষ্ট নাগরিককে নিয়ে গঠিত হয়। এর অংশীদাররা কোনোরূপ লভ্যাংশ গ্রহণ ছাড়াই অতি দরিদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে অর্থ ঋণদানের মাধ্যমে স্বনির্ভর সমাজ গঠনে অবদান রেখে আসছেন। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহাম্মদ সেকান্দর খান ও ব্যবসায়ী নেতা আমির হুমায়ূন মাহমুদ সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন।