শিগগিরই ‘এক ভিলেন টু’ সিনেমায় দেখা মিলবে বলিউড অভিনেত্রী দিশা পাটানির। নির্মাতা মোহিত সুরি পরিচালিত এই সিনেমাটিতে তিনি অর্জুন কাপুর, তারা সুতারিয়া ও জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।
দর্শক প্রতীক্ষিত এই সিনেমাটির বাইরে নতুন আরও একটি সিনেমার খবরে শিরোনামের এলেন দিশা। জানা গেছে, সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘যোদ্ধা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এরইমধ্যে সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য নিজের প্রস্তুতিও শুরু করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সেই প্রস্তুতির একটি ভিডিও শেয়ার করেছেন দিশা।
ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন শুরুর অপেক্ষা। শিগগিরই চমকে দেবো সবাইকে!’ সিনেমাটিতে সিদ্ধার্থর অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হলেও দিশার অভিনয় নিয়ে ধোঁয়াশা ছিল। তবে এই ভিডিওটি প্রকাশের পর থেকে জোর গুঞ্জন চলছে যেকোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। দিশার এক ঘনিষ্ঠজন এমনটাই জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
দিশা পাটানি এ প্রসঙ্গে বলেন, ‘প্রতিটি চরিত্রের জন্য প্রস্তুতির কমতি রাখি না। এটা তারই অংশ। নতুন কাজের সূচনা হতে যাচ্ছে। তবে এখনই সব বিষয় খোলাসা করতে চাই না। ধীরে ধীরে ভক্তদের চমকে দিতে চাই। অপেক্ষা করুন, নতুন রূপে আসছি।’
