ঘরের বউ পেটানো সঠিক মনে করেন ভারতের ১৪টি রাজ্যের ৩০ শতাংশ নারী। দেশটির এক সমীক্ষায় উঠে এল এমনই তথ্য। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সমীক্ষাটি করেছে দেশটির জাতীয় পারিবারিক স্বাস্থ্য কর্তৃপক্ষ। এতে বলা হয়, তিনটি রাজ্যের ৭৫ শতাংশ বা তার বেশি নারী ও পুরুষেরা মনে করেন স্বামীর হাতে স্ত্রী মার খাওয়া দোষের কিছু নয়। রাজ্যগুলো হলো তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। এদের মধ্যে তেলেঙ্গানা রাজ্যের ৮৪ শতাংশ নারীই মনে করেন স্বামীর হাতে স্ত্রী মার খাওয়া সঠিক। অন্ধ্রপ্রদেশে এই হার ৮৪। আর কর্ণাটকে ৭৭ শতাংশ।
অবাক করা বিষয় হচ্ছে, শতাংশের হিসেবে খুব বেশি পিছিয়ে নেই মণিপুর, কেরল, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ৪২ শতাংশ নারী মনে করেন বউ পেটানো দোষের কিছু নয়।
তালিকায় সবার শেষে রয়েছে হিমাচলপ্রদেশ। রাজ্যটির মাত্র ১৪ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ১৪ দশমিক ৮ শতাংশ নারী মনে করেন, এসব কাজ ঠিক। বাকিরা এই কাজকে ভুল বলেই মনে করেন।
এই বিষয়ে নারীদের অধিকার নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর বলেন, এটা আসলে পুরুষতান্ত্রিক মনোভাব, যা নারীদের একাংশের মনের গভীরে প্রভাব ফেলেছে।
