একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনের কর্মসূচি বিএনপির

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৬

ইত্তেফাক রিপোর্ট

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। একইভাবে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। ঐ দিন ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

রিজভী আরও জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকবৃন্দ উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন।