আহত হয়ে হাসপাতালে ইয়াসির, বদলি সোহান

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১২:৫৩

শাহীন শাহ আফ্রিদির বলে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন দুর্দান্ত ব্যাট করতে থাকা ইয়াসির আলি রাব্বি। আশা করা হয়েছিল, হয়তো আবারও ব্যাট করতে নামবেন তিনি। কিন্ত সেটা আর হচ্ছে না। তার কনকাশন বদলি হিসেবে ব্যাটিংয়ে নেমেছেন নুরুল হাসান সোহান।

বলের থেকে চোখ সরিয়ে সেটি ডাগ করেছিলেন রাব্বি। কিন্তু শাহীন আফ্রিদির বলটি সোজা তার মাথার পেছনের অংশে গিয়ে বেশ জোরে আঘাত করে। তখন অবশ্য অভিষিক্ত এই ব্যাটার বলেছিলেন, তিনি ঠিক আছেন। কিন্তু পরমুহূর্তেই সতর্কতাবশত তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে এবং স্ক্যান করানোর জন্য দ্রুতই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

প্রথম ইনিংসে মাত্র ৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে বেশ গোছানো ব্যাটিং করছিলেন চট্টলার এই তরুণ। লিটন দাসের সঙ্গে জুটি বেধে দলকে বিপর্যয় থেকে তুলে আনারও চেষ্টা করছিলেন। কিন্তু দলীয় ৯০ রানের সময় এ দুর্ঘটনা ঘটে। মাঠ ছাড়ার আগে তিনি ৭২ বল মোকাবিলায় ৩৬ রানে অপরাজিত ছিলেন।

দিনের শুরুতেই হাসান আলির বলে বোল্ড হয়ে যান মুশফিকুর রহিম। ছবি: আইসিসি টুইটার

ওই মুহূর্তে মাঠে নামেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু তিনি মাত্র ১১ রান করেই সাজিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। এর পরই কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছেন সোহান। তিনি ৯ বল মোকাবিলা করলেও এখনো রানের খাতা খুলেননি। এর মাঝেই লাঞ্চ বিরতিতে গিয়েছে উভয় দল।

অপরপ্রান্তে, লিটন দাস ৩২ রানে অপরাজিত আছেন। আর বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১১৫ রান। লিড ১৫৯ রানের। এই দুই জনই দলের স্বীকৃত শেষ ব্যাটার। এই মুহূর্তে লিটনের কাছ থেকে প্রথম ইনিংসের মতো আরও একটি বড় স্কোর আশা করছে দেশের ক্রিকেট সমর্থকরা।

ইত্তেফাক/টিএ