খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৬:৫১

খুলনায় স্ত্রী হত্যা মামলায় স্বামী সোহান মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সোমবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সোহান ফুলতলা উপজেলার ডাউনকোনা এলাকার বাবুল মোল্লার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের জানুয়ারি মাসে যশোরের অভয়নগর উপজেলার কোটা পশ্চিমপাড়া গ্রামের আতিয়ার শেখের মেয়ে সুমির সঙ্গে ফুলতলা উপজেলার বাবুল মোল্লার ছেলে সোহানের বিয়ে হয়। এর ছয় মাস আগে সুমির সঙ্গে তার ফুফাতো ভাই মিন্টুর বিয়ে হয়েছিল। দ্বিতীয় বিয়ের পর সুমি আগের স্বামীর সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে কথা বলতেন। যা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

২০২০ সালের ১ মার্চ সুমি তার ছোট ভাই সুমন শেখের সঙ্গে বাবার বাড়ি চলে আসেন। এর আট দিন পর সুমি শ্বশুর বাড়ি চলে আসে। ওই দিন রাতে সুমি মোবাইল ফোনে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সোহান মোল্লা গলাটিপে ধরলে সুমি জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে  ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ঘটনাটি চাপা দেওয়ার জন্য বলা হয় সুমি বিষ খেয়ে মারা গেছে।

এ ঘটনায় ফুলতলা থানায় সোহান মোল্লাসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করেন সুমির ভাই। পরে ফুলতলা থানার এসআই মো. বোরহান উদ্দিন আসামি সোহান মোল্লার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

 

ইত্তেফাক/ইউবি