নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৮ জনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাছাড়া দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীর বিভিন্ন থানায় এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৬৭ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে আটকদের মধ্যে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালত আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা (কারাদণ্ডের আদেশ) দেওয়া হয়। তাছাড়া দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ৫৭ জনের মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত এবং গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। তিনি জানান, সুধারাম মডেল থানায় আটক ৮ জনের মধ্যে দুইজনকে গ্রেপ্তার ও ছয়জনকে মুচলেকা, কোম্পানিগঞ্জ থানায় আটক ৪ জনকে মুচলেকা, কবিরহাট থানায় ৫ জনকে মুচলেকা, বেগমগঞ্জ মডেল থানায় আটক ২২ জনের মধ্যে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালত আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা, সোনাইমুড়ী থানায় আটক ৪ জনকে মুচলেকা, চাটখিল থানায় ১০ জনকে মুচলেকা, চরজব্বার থানায় ৮ জনকে মুচলেকা ও হাতিয়া থানায় ৬ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে নোয়াখালী জেলা পুলিশ।
