সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ (৩৮)। সোমবার (২৯ নভেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
আবুল কালাম আজাদ সিরাজগঞ্জ পুলিশ লাইনসে কমর্রত ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনার ফরিদপুরের পাঁচপুংগলী গ্রামে।
পুলিশ জানায়, রবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের নির্বাচনে উল্লাপাড়া থানাধীন দুর্গাপুর ইউনিয়নের ৪১ নম্বর ভোটকেন্দ্র শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছিলেন আবুল কালাম আজাদ। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় তার।
এদিকে আবুল কালাম আজাদের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার হাসিবুল আলম শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইত্তেফাক/বিএএফ

বিউটি পার্লারে নারীর ঝুলন্ত মরদেহ