রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয় নিহতের ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, যে বাসটি চাপা দিয়েছে, সেই অনাবিল পরিবহনের চালক ও হেলপারকে আমরা আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে, রাত সোয়া ১০টার দিকে রামপুরা ব্রিজের কাছে সড়কে অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় একজন মারা যান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অন্তত ৭-৮টি বাসে আগুন দেন। আরও ৮টি গাড়িতে ভাঙচুর চালান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
