প্রথম দিনে অনুপস্থিত ১ লাখ ৬০ হাজার পরীক্ষার্থী

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২২:৩১

গতকাল রবিবার থেকে সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষায় ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে গতকাল ইংরেজি বিষয়ের পরীক্ষায় প্রাথমিক ও ইবতেদায়িতে ১ লাখ ৬০ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 

এর মধ্যে ৬৩ হাজার ৮৩২ জন ছাত্র এবং ৫৩ হাজার ৮৭১ জন ছাত্রী। শতকরা হিসাবে ৪ দশমিক ২৪ শতাংশ অনুপস্থিত ছিল।

এছাড়া ইবতেদায়িতে অনুপস্থিত ছিল ৪২ হাজার ৪১৫ জন। শতকরা হিসাবে এর হার ১৩ দশমিক ২৮ শতাংশ। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৬ হাজার ৬ জন এবং ছাত্রী ১৬ হাজার ৪০৯ জন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, প্রাথমিক সমাপনীতে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি। তবে ইবতেদায়িতে চট্টগ্রামে একজন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।

রবিবার রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মন্ত্রিসভা সিদ্ধান্ত দিলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা একটি হতে পারে। এই পরীক্ষাগুলো মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকেই হয়।

মন্ত্রী বলেন, শিক্ষানীতি অনুযায়ী যখন প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত বাস্তবায়ন হবে, তখন ৫ম শ্রেণি শেষে এবং ৮ম শ্রেণি শেষে একটি, নাকি দুটি পরীক্ষা হবে— এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এবারের পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে।