অবশেষে চাকরিপ্রত্যাশীদের অপেক্ষার অবসান হচ্ছে। ৪৪তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এই বিসিএসে সাধারণ ও টেকনিক্যাল ক্যাডার মিলিয়ে মোট ১ হাজার ৭১০ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ শিক্ষা ক্যাডারে।
পিএসসির ওয়েবসাইটে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীর বয়স ২০২১ সালের ১ নভেম্বর হিসাবে সর্বোচ্চ ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের জন্য বয়সসীমা ২১-৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এজন্য ৭০০ টাকা ফি জমা দিতে হবে। আগামী ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
