কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

আপডেট : ১১ মার্চ ২০২২, ২০:২২

কারিগরি ত্রুটির প্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা ৫ দিন বাড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবেন। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভা শেষে সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি বলেন, সার্ভার সমস্যা থাকার কারণে অনেক শিক্ষার্থীই আবেদন করতে পারেনি। তাদের বিষয় বিবেচনা করেই আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

এছাড়াও অনেক ভর্তিচ্ছুকদের অভিযোগ, কারিগরি ত্রুটির কারণে ২ বার টাকা কেটে নেওয়া হয়েছে। এ বিষয়ে সভায় টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা যায়।

উল্লেখ্য, গত কিছুদিন ধরে সার্ভার ডাউন থাকায় ভর্তিচ্ছুকদের অভিযোগের মুখে এ সভা ডাকা হয়। এরপর জরুরি ভিত্তিতে পুরোনো সার্ভার পরিবর্তন করে এক মাসের জন্য ডেডিকেটেড সার্ভার কিনেছে টেকনিক্যাল কমিটি। এজন্য প্রায় এক দিন সম্পূর্ণ বন্ধ থাকে আবেদন প্রক্রিয়া। পরবর্তীতে নতুন সার্ভারে ‘ডাটা ইন্ট্রিগেশন’র পর সোমবার (২৯ নভেম্বর) রাত ৯টায় আবার সচল হয় স্নাতকে ভর্তি আবেদনের ওয়েবসাইট। এর আগে গত ২০ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়। সে অনুযায়ী সময়সীমা শেষ হওয়ার কথা ৩০ নভেম্বর।

ইত্তেফাক/এমএএম