নির্বাচনে হেরে অনুদানের কম্বল ফেরত নিলেন নারী মেম্বার

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২২:৩১

টাঙ্গাইলের কালিহাতীতে সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের মহিলা সদস্য পদে নির্বাচন করেন রমেছা খানম। কিন্তু নির্বাচনে প্রতিপক্ষ জোসনা বেগমের কাছে হেরে যান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়নের কয়েকজন ব্যক্তির কাছ থেকে দুই বছর আগে দেওয়া অনুদানের কম্বল ফেরত নিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে।

জানা যায়, উক্ত ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য রমেছা খানম প্রায় দুই বছর আগে ইউনিয়ন পরিষদের অনুদানের টাকা থেকে বেশ কয়েকজনকে শীতকালীন কম্বল উপহার দেন। কিন্তু সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করে হেরে যান। তাই তিনি অনুদানের কম্বলগুলি ফেরত নিয়ে নেন।

অনুদানের কম্বল ফেরত দেওয়া ব্যক্তিদের একজন মো. মকবুল হোসেন বলেন, দুই বছর আগে আমাদের চার ভাইকে চারটি কম্বল উপহার দিয়েছিলেন রমেছা খানম। কিন্তু এ বছর নির্বাচনে আমরা প্রতিবেশী জোসনা বেগমের পক্ষে কাজ করি। নির্বাচনে জোসনা বেগম জয় লাভ করেন। এতে রমেছা বেগম ক্ষিপ্ত হয়ে কম্বলগুলি ফেরত নিয়ে য়ায়।

বিষয়টি সম্পর্কে সদ্যপরাজিত সংরক্ষিত আসনের মহিলা মেম্বার রমেছা খানমের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে রাজি হননি। 

 

ইত্তেফাক/ইআ