বিশ্বের জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার এর প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা পদ থেকে সোমবার পদত্যাগ ঘোষণা করেছেন জ্যাক ডরসি। তার জায়গায় এখন এসেছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। আর সেজন্য আনন্দিত কঙ্গনা রানাউত।
ডরসির সময়ই টুইটার থেকে বিতাড়িত হয়েছিলেন অভিনেত্রী। তাই জ্যাক ডরসির বিদায়ে তাকে নিয়ে বিদ্রুপ করতেও পিছপা হলেন না কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় সর্বদাই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকেন কঙ্গনা রানাউত।
ভারতের উত্তর-পূর্ব দিল্লির সহিংসতায় মুসলমানদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেত্রী, সেই সময়েই আগাম সতর্কবাণী দেওয়া হয়েছিল কঙ্গনাকে টুইটারের পক্ষ থেকে। কিন্তু তার স্বভাব বদলায়নি! এরপর একাধিকবার বেঁফাস মন্তব্য করেছেন। কখনও টুইটার থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার পোস্ট, আবার কখনও বা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট। তাতেও চুপ থাকেননি অভিনেত্রী। সর্বশেষ মে মাসে পশ্চিম বাংলার ভোট পরবর্তী সহিংসতা নিয়ে যখন কুরুচিকর মন্তব্য করে বসেন, তখনই ঘটে বিপত্তি!
শেষ টুইটে পশ্চিম বাংলার ভোট পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে গুজরাট দাঙ্গার রূপ দেখানোর বার্তা দেন কঙ্গনা। তাই টুইটারের পক্ষ থেকে শাস্তিস্বরূপ চিরতরে কঙ্গনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তাই জ্যাক ডরসিই পদত্যাগ করার খবর স্ক্রিনশট দিয়ে ইনস্টা স্টোরিতে তিনি শেয়ার করেছেন। অভিনেত্রীর বিদ্রুপ, ‘টা-টা কাকু’।
