কক্সবাজারে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫:৩২

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে সুমাইয়া আক্তার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) ভোররাতে ওই ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকার ডুলাফকিরের রাস্তার মাথা সংলগ্ন এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি মো. আবদুল হালিম। 

মৃত তরুণী সুমাইয়া আক্তার (১৯) পূর্ব নাপিতখালীর ডুলাফকিরের রাস্তার মাথা সংলগ্ন এলাকার রমজান আলীর মেয়ে।

সুমাইয়ার পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন ভোর রাত ৫টার দিকে ফজরের নামাজের জন্য ডাকতে গিয়ে সুমাইয়াকে বসতঘরের শয়নকক্ষে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঘরের চালার বীমের সাথে ঝুলন্ত পাওয়া যায়। 

ওয়ার্ড মেম্বার সাহাব উদ্দিন জানান, মাস তিনেক আগে খালাত ভাইয়ের সাথে পারিবারিকভাবে ওই তরুণীর বিয়ে ঠিক হয়। এ বিয়েতে তরুণীর সম্মতি ছিলনা বলে জেনেছি । হয়ত সে কারণে তরুণী আত্মহননের পথ বেছে নিয়ে থাকতে পারে। 

ওসি মো. আবদুল হালিম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/ইআ