এবার নারীকে ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কা, চালক আটক

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১০:৪৯

মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়লার গাড়ির চালক রতনকে আটক (৩০) করে থানায় নিয়েছে পুলিশ। এছাড়া ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহ করিম মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত নারীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরাও আছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, আহত নারীর নাম আরজু বেগম। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে এক বাস থেকে নামার সময় পেছন থেকে ময়লার গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/কেএইচ/কেকে