নির্বাচনে সেনাবাহিনী পেশাদারিত্ব বজায় রাখবে :সেনাপ্রধান

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২২:৩২

সেনাবাহিনী প্রধান ও বীর রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট জেনারেল আজিজ আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। গতকাল রবিবার দুপুরে সাভার সেনানিবাসে সিএমপিসিএন্ডএস এর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে এডহক ১১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (মেকানাইজ্ড)’কে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান একথা বলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, দেশের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে সরকারের যেকোনো নির্দেশ পালনে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী সবসময় দেশের কল্যাণে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী জাতির সার্বভৌমত্বের প্রতীক। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের যেকোনো দায়িত্ব পালনের জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম এবং কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ অর্জিত পতাকার মর্যাদা রক্ষার জন্য যেকোন ত্যাগ স্বীকারে বাহিনীর প্রতিটি সৈনিককে প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান।

সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান উপস্থিত প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, জ্যেষ্ঠ অফিসারগণ এবং জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল মোঃ আকবর হোসেন। সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালার প্রাপ্তির বিরল সম্মান ও গৌরব অর্জন করায় ‘এডহক ১১ বীর (মেক)’র সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ অর্জিত পতাকার মর্যাদা রক্ষার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে সব সময় প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। 

প্যারেড শেষে সেনাপ্রধান সাভার ডিওএইচএস এর কেন্দ্রীয় মসজিদ, সেনা স্কুল এন্ড কলেজ এবং দুইটি লেকের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এছাড়াও সাভার সেনানিবাস এলাকায় সেনা শপিং কমপ্লেক্স-এর উদ্বোধন এবং সাভারের খেজুরটেক এলাকায় জেসিওদের জন্য আবাসিক কমপ্লেক্স-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

উল্লেখ্য, মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অতুুলনীয় ভূমিকা এবং পরবর্তীতে এর অপরিসীম গুরুত্ব অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বিএমএ স্বল্প মেয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্যারেড পরিদর্শনের সময় এ বাহিনীকে যুগোপযোগী ও বিশ্বে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সেনাবাহিনীর কলেবর বৃদ্ধিসহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ১৯৯৯ সালে দ্বিতীয় পদাতিক রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং সাভার সেনানিবাসের সকল অফিসার, জেসিও ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।