শরীরে কিডনির সমস্যা দেখা দিলে এর সঙ্গে আরও বেশ কিছু রোগের প্রকোপ বাড়ে। যার ক্ষতিকার প্রভাবে স্বাস্থ্যের অবনতি হওয়ার পাশাপাশি প্রাণহানিও হতে পারে। তাই কী কী কারণে কিডনির সমস্যা দেখা দিতে পারে, কোন কোন লক্ষণ দেখে কিডনির সমস্যা বোঝা যাবে, সেগুলো জেনে রাখা খুব জরুরি।
শরীরে অন্য কোনো রোগ বাসা বেঁধে থাকলে কিডনির সমস্যা দেখা দিতে পারে, এমনটা বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তারা বলছেন, যাদের শরীরে ইতিমধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের সমস্যা বা হাইপারটেনশন, বিভিন্ন হৃদরোগের সমস্যা, পরিবারে আরও কোনো সদস্যের কিডনির সমস্যা ছাড়াও ষাট বছরের উর্ধ্বের ব্যক্তিদের মধ্যে কিডনির সমস্যা দেখা দিতে পারে।
কিডনি অকেজো হলে কোন কোন লক্ষণ দেখা যায়
- চুলকানি
- পেশিতে টান ধরা
- মাথা ঘোরা এবং বমি বমি ভাব
- শক্তি না পাওয়া
- অতিরিক্ত প্রস্রাব পাওয়া কিংবা একেবারেই প্রস্রাব না হওয়া
- শ্বাস নিতে সমস্যা
- ঘুমের সমস্যা
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি কোনো ব্যক্তির কিডনি আচমকা কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কোন কোন লক্ষণ দেখা দিতে পারে-
- তলপেটে ব্যথা
- পিঠে ব্যথা
- ডায়রিয়া
- জ্বর
- নাক থেকে রক্ত পড়া
- ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া
- বমি
এই সমস্ত লক্ষণ দেখা দিলে একেবারেই ফেলে রাখা ঠিক নয় বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে যতটা সম্ভব দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা শুরু করা দরকার।
