কিউইদের ৬২ রানে অলআউট করে আবারও ব্যাটিংয়ে ভারত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬:৪৪

মুম্বাইয়ের পিচটা যেন হঠাৎ করেই বোলিং উইকেট হয়ে গেছে। ভারত ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আজ (৪ ডিসেম্বর) শুরুটা করেছিলেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। তিনি একাই স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন। একাই নিয়েছেন ১০টি উইকেট।

শেষ পর্যন্ত ৩২৫ রানে অলআউট হয় ভারত। এরপরই ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। কিন্তু স্বাগতিক বোলারদের তোপের মুখে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৬২ রানেই অলআউট সফরকারীরা। সর্বোচ্চ ১৭ রান করতে পেরেছেন কাইল জেমিসন।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন রবীচন্দ্রন অশ্বিন। ৮ ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে উইকেটগুলো সংগ্রহ করেন তিনি। এছাড়া মোহাম্মদ সিরাজ ৩টি, আক্সার প্যাটেল ২টি ও জায়ান্ত যাদব নেন একটি উইকেট।

এই রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত। তাদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২০ রান। লিড ২৮৩ রানের। এই ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছেন চেতেশ্বর পূজারা।

ইত্তেফাক/টিএ