কোচ ডমিঙ্গো ইস্যুতে যা বললেন বিসিবি সভাপতি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৯:০৩

বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে ক্রিকেট পাড়ায় নানা গুঞ্জন আছে। বলা হয়ে থাকে, তার সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের মনোমালিন্যর প্রভাব পড়েছে ক্রিকেট মাঠে। বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন হতশ্রী পারফরম্যান্সের জন্য তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। জানুয়ারিতে পাওয়া সেই প্রতিবেদন পাওয়ার পরপরেই ভাগ্য চূড়ান্ত হবে ডমিঙ্গোর।

শনিবার (৪ ডিসেম্বর) নানা ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় তিনি বলেন, গত ৮ বছরে বাংলাদেশ ক্রিকেট দলের এতো খারাপ পারফরম্যান্স তিনি কখনও দেখেননি। 

ডমিঙ্গো ইস্যুতে পাপনের ব্যাখ্যা, ‘বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ডমিঙ্গো আমাদের জানায় সে খুব ভালো একটা অফার পেয়েছে, চলে যেতে চায়। জানতে চাচ্ছিল আমরা চুক্তি বাড়াব কিনা। চুক্তি বাড়ালে সে থাকবে। চুক্তি না বাড়ালে থাকবে না, ঐ জায়গায় প্রতিশ্রুতি দিয়ে দিবে। তখন যতটুকু সম্ভব খোঁজাখুঁজি করেছিলাম। পরে সিদ্ধান্তে আসলাম- এই সময়ের মধ্যে আমরা কোনো কোচ পাব না। যদি পাইও, বিশ্বকাপের আগমুহূর্তে বা পরপরই নতুন কোচ আনা নিয়ে দ্বিধায় ছিলাম।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘বেশিরভাগ কোচ যাদের পাচ্ছিলাম তারা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসতে পারবে না। সব চিন্তা করে বোর্ড চিন্তা করল তার চুক্তি বাড়িয়ে নেওয়া হোক। ইতোমধ্যে বাড়িয়েও নিয়েছি। আমরা এখনও অপেক্ষা করছি রিপোর্টের জন্য।’

গণমাধ্যমে গুঞ্জন রয়েছে বোর্ড-ডমিঙ্গোর সম্পর্কটাও ভালো যাচ্ছে না ইদানিং। তাই হয়তো আসন্ন নিউজিল্যান্ড সফরই হতে পারে বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ কাজ।

 

 

 

ইত্তেফাক/এসআই