পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট বৃষ্টির বাঁকড়ায় পড়েছে। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত চলমান মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি। রবিবার (৫ ডিসেম্বর) দ্বিতীয় দিন মাত্র ৬ ওভার ২ বল মাঠে গড়িয়েছে। সেটাও লাঞ্চ বিরতির পর। এরপর যে খেলা বন্ধ হয়েছে, তা আর মাঠে গড়ায়নি।
দিনের খেলা তখনও বাতিলের ঘোষণা আসেনি। বৃষ্টিতে খেলা বন্ধ। তাই ড্রেসিংরুমে বসে না থেকে মধ্যাহ্নভোজ সেরে বাংলাদেশের ক্রিকেটাররা ছুটলেন শেরে বাংলার ইনডোরে। প্রথমে যারা একাদশের বাইরে ছিলেন, তারা গেলেন। তারপর মূল একাদশেরও প্রায় সবাই একে একে গেলেন ইনডোরে।
বৃষ্টি দেখে তাদের হয়তো ছেলেবেলার কথা মনে পড়ে গিয়েছিলো। হঠাৎ মাঠের পূর্ব দিকের ইনডোর থেকে মাঠে ঢুকলেন সাকিব আল হাসান। হঠাৎ পিচ কভারের ওপর স্লাইড করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ধীরে ধীরে স্লাইড করে চলে গেলেন অন্তত ১৫-২০ গজ। সাকিব জলে ভেজা কভারে স্লাইড করলেন দুরন্ত সেই কিশোরের মতো। পিচের ওপরে জলরাশি দেখেই হয়তো নিজের কৈশোরে ফিরে যাওয়ার ইচ্ছে জেগে উঠলো চ্যাম্পিয়ন অলরাউন্ডারের।
দ্বিতীয় দিনের খেলা দেখতে উপস্থিত মাঠে দর্শক-সাংবাদিকদের অন্যরকম আনন্দ দিয়ে গেলো। সাকিব নিজেও তা মনে প্রাণে উপভোগ করলেন।
