কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুন: আরও দুই আসামি গ্রেফতার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৩০

কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) রাতে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ও পাঁচথুবী বাংলা বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সোহেল ওরফে জেল সোহেল ও ১০ নম্বর আসামি সায়মন। মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে। কুমিল্লার আমলি আদালত-১-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এদিকে চাঞ্চল্যকর এ মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানা থেকে জেলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছেন ডিবির পরিদর্শক মো. মঞ্জুর কাদের ভূঁইয়া। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার সাংবাদিকদের এসব তথ্য জানান।  

অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জানান, সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা করে আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকা থেকে এ মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকার শাহ আলমের ছেলে সোহেল ওরফে জেল সোহেল (২৮) এবং মামলার ১০ নম্বর আসামি একই এলাকার মৃত সামছুল হকের ছেলে সায়মন ওরফে মুহুরী সায়মনকে (৩০) গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে তাদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


 

 

ইত্তেফাক/ ইআ