বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়া পরিবারের নারী সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য করায় সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
সোমবার (৬ ডিসেম্বর) রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে সভাপতিত্ব করেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচার বিবর্জিত সম্মানহানিকর কুৎসিত বক্তব্যের তীব্র সমালোচনা করে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিএনপি মনে করে, রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থেকে এই ধরনের নারী বিদ্বেষী, বর্ণবাদী, সমাজ বিরোধী বক্তব্য ও সংবিধান বিরোধী এই বক্তব্যের মাধ্যমে সমগ্র নারী সমাজকে এবং মানবতাকে হেয় করা হয়েছে।
সভায় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য পরম দোয়া করা হয়। সেই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ২০ ডিসেম্বর হতে জেলা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধাস্ত গৃহীত হয়। এই সব সমাবেশে কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ।
