একুশের নতুন বই

ইউরোপের চিঠি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৯

সাব্বির খান

বর্ষাদুপুর

প্রচ্ছদ : হিমেল হক। মূল্য : ১৫০ টাকা

 

চিঠি লেখার প্রচলন পৃথিবীতে কখন-কবে শুরু হয়েছিল, তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে প্রথম অক্ষরজ্ঞান লাভের সঙ্গে চিঠি লেখার একটা যোগসূত্র যে ছিল, তা বলাই বাহুল্য! আদিকালে বই পড়ার পাশাপাশি চিঠিও ছিল জ্ঞানলাভ ও পাঠচর্চার গুরুত্বপূর্ণ দুটি মাধ্যম। বই মানুষের কাছে যায় না। যুগে যুগে মানুষই বইয়ের কাছে ধরনা দিয়েছে বারবার। কালের স্বীকৃত যে সভ্যতা, তার প্রতিটি রূপান্তরেই অবদান রেখেছে বই। চিঠি কেউ পাঠায়; কেউ পায়! চিঠিও বইয়ের মতো সমান গুরুত্ব পেয়েছে সমাজ, সংসার ও সভ্যতার পরাকাষ্ঠে! বিখ্যাতদের চিঠির গুরুত্ব কতখানি তার উদাহরণ রবীন্দ্রনাথের ছিন্নপত্র ও অসংখ্য চিঠির সম্ভার। যদিও মানুষ এখন কাগজে কলমে আর ব্যক্তিগত চিঠি লেখে না বললেই চলে। শর্ট মেসেজ সার্ভিস আর মেসেজিং অ্যাপস এসে যাওয়ায় দীর্ঘ চিঠির সৌন্দর্য আর গুরুত্ব হারিয়ে যেতে বসেছে।

‘ইউরোপের চিঠি’ গ্রন্থের লেখক সাব্বির খান দীর্ঘদিন ধরে ইউরোপ-প্রবাসী। যোগাযোগের নিত্যপ্রয়োজনে সুদূর ইউরোপ থেকে তাকে চিঠি লিখতে হয়েছে বাংলাদেশের বিভিন্নজনের কাছে। সংবাদপত্রে ছাপার অক্ষরে মতবিনিময় করেছেন বাঙালি সুহূদদের সঙ্গে। এসব চিঠিতে ছিল একাধারে জ্ঞানচর্চার সুপ্ত অভিলাষ, আর সরেজমিনে লব্ধ অভিজ্ঞতার অপূর্ব বিচ্ছুরণ। চিঠিগুলোকে যুগান্তরের খেয়ায় ভাসানোর অভিপ্রায়ে বইয়ের পাতায় বন্দির প্রয়াসে লেখক প্রকাশ করেছেন ‘ইউরোপের চিঠি’!