১০০ কোটি রুপিতে ‘বিয়ে’ বিক্রি করছেন ক্যাট-ভিকি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২১:৫৮

ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের বিয়েতে এত কড়াকড়ি কেন? ভারতের একটি সংবাদমাধ্যম এই রহস্য ফাঁস করেছে। সংবাদমাধ্যমটিতে প্রকাশি এক প্রতিবেদনে জানা গেছে, একটি ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে নাকি চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের প্রথম সারির এই দুই তারকা। তাদের বিয়ের ‘এক্সক্লুসিভ’ ভিডিও ও ছবি কেবল তাদের দিতে হবে। তার বদলে সদ্য বিবাহিত দম্পতি পাবেন ১০০ কোটি রুপি। তাহলে কী নিজেদের সাতপাকে বাঁধার সব মূহুর্ত ‘বিক্রি’ করবেন বলেই বিয়ের আসর জুড়ে এত নিষেধাজ্ঞা জারি করেছেন তারা?

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলছে, অবাক হওয়ার কিচ্ছু নেই। হলিউডে এই ঘটনা নাকি প্রায়ই ঘটে। সেখানকার তারকা তাদের বিয়ের ছবি, ভিডিও বিক্রি করেন স্থানীয় পত্রিকা, চ্যানেলে। বদলে মোটা টাকা পান। অনুরাগীদের চোখেও তারা নতুন ভাবে ধরা দেন। প্রচারের আলোয় ঝলমলিয়ে ওঠেন আরও একবার। ভারতে এই প্রথা তুলনায় নব্য। তবে একেবারে নাকি অপরিচিত নয়। এখানেও ক্রমশ পাশ্চাত্যের এই রীতি এ দেশে চালু করতেই ক্যাট-ভিকিকে এই প্রস্তাব দিয়েছে নামী-দামী ওয়েব প্ল্যাটফর্ম। শুধু এই দুই তারকাই নন, এমন প্রস্তাব নাকি পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিংও। তারা নাকি রাজি হননি। শোনা যাচ্ছে, একই ভাবে এই প্রস্তাবে রাজি নন ক্যাট-ভিকিও। তবে এর উত্তর দেবে সময়।

আপাতত বিয়ের আসর ‘সিক্স সেন্স’ দুর্গ জুড়ে কড়া নিরাপত্তা। ১৪ শতকে নির্মিত দুর্গটি ক্যাট-ভিকির বিয়ে উপলক্ষে নতুন ভাবে সেজে উঠেছে। তারকাদের বিয়ে তারকাখচিত হবে, এটাই স্বাভাবিক। অনুষ্ঠানে তাই আমন্ত্রিত কর্ণ জোহর, ফারহা খান, সপরিবারে কবীর খান, রোহিত শেট্টি, বরুণ ধাবান এবং আরও অনেকে।

ইত্তেফাক/ ইআ