সামান্থা ভেবেছিলেন তিনি হয়তো মারা যাবেন!

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৮:১৬

দক্ষিণ ভারতীয় সিনেমা জগতে বেশ জনপ্রিয় জুটি ছিলেন সামান্থা রুথ প্রভু এবং আক্কিনেনি নাগা চৈতন্য। কিন্তু বিয়ের মাত্র ৪ বছরের মাথায় গত অক্টোবরে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা দম্পতি। কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছানো সামান্থার জন্য অনেক কষ্টদায়ক ছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এমনকি এক পর্যায়ে তিনি ভেবেছিলেন, হয়তো বিবাহবিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়বেন এবং কষ্ট সইতে না পেরে মারা যাবেন।

অক্টোবরের শুরুতে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই এ ব্যাপারে বেশ নিরবতা পালন করছিলেন সামান্থা। জনসাধারণের নজর থেকে নিজেকে দূরে রাখেন এবং সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বাজে মন্তব্যগুলো দেখার পরও নিরব থেকেছেন। অবশেষে নিজের মৌনতা ভাঙলেন জনপ্রিয় অভিনেত্রী।

সামান্থা রুথ প্রভু ও আক্কিনেনি নাগা চৈতন্য

সম্প্রতি এক অনুষ্ঠানে সামান্থা রুথ প্রভু বলেন, একজন ব্যক্তি যত দ্রুত সত্যটি গ্রহণ করতে পারবে, তখনই তার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। গ্রহণ করা, নিজের সিদ্ধান্তে অনড় থাকা এবং লড়াই করা, পরিস্থিতি মোকাবিলায় আমি এসবই করেছি। তিনি আরও বলেন যে, তিনি ভেবেছিলেন হয়তো মানসিকভাবে ভেঙে পড়বেন এবং মারা যাবেন।

যাইহোক, এই অভিনেত্রী আরও বলেন যে, তিনি বুঝতে পেরেছিলেন এই সব সমস্যা নিয়েই তার জীবনযাপন করতে হবে। শক্তিশালী নারী হওয়ার জন্য তিনি নিজেই নিজের প্রশংসা করতে শুরু করেন। তবে তিনি কখনোই জানতেন না যে, এসব কাটিয়ে ওঠতে পারবেন।

সামান্থা বলেন, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। কারণ, আমি কখনোই জানতাম না যে আমি এত শক্তিশালী।’

ইত্তেফাক/টিএ