ছাত্রদল নেতার হাতে নৌকা 

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২১:০২

ছাত্রলীগ ও যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমের দলীয় মনোনয়নপত্র (নৌকা প্রতীক) বাতিল করে সাবেক ছাত্রদল নেতাকে নৌকার টিকেট (মনোনয়ন) দেওয়া হয়েছে। 

দুই দিনের ব্যবধানে মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্তে এসে নৌকার প্রার্থী পরিবর্তন হওয়ায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ নং আনাইতারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী পরিবর্তনের এ ঘটনা ঘটেছে।

আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছেদ অভিযোগ করে বলেন, আনাইতারা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এম এ বাছেদ, মো. ইকবাল হোসেন আলী আজম, আজিজুর রহমান, চান ময়না, এম এ লতিফ লেবু ও মীর শরীফ হোসেন। গত ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী মনোনয়ন বোর্ড আওয়ামী লীগের নৌকার মনোনয়ন দেন ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমকে। 

সূত্রমতে, চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমকে পরিবর্তন করে যাকে ( মীর শরীফ হোসেনকে) নৌকার টিকেট দেওয়া হল তিনি ছাত্রদলের সাবেক নেতা। ১৯৯৮ সালে মির্জাপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল থেকে রেজাউল-জাকির-শরীফ পরিষদের এজিএস পদে মীর শরীফ হোসেন নির্বাচন করেছিলেন। তার বড় ভাই মীর সাজ্জাত হোসেন সাজু এখনও থানা বিএনপির সম্মানিত সদস্য এবং অপর ভাই মীর তারা জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় পার্টির নেতা। 

ছাত্রদলের প্যানেল

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীকে নৌকার টিকেট বাতিল করে একজন বিতর্কিত ও বিএনপির নেতাকে দল কিভাবে নৌকা দিলো এটা আমাদের বোধগম্য নয়। মোটা অংকের টাকার বিনিময়ে চেয়ারম্যান প্রার্থী বেচা কেনা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তারা এই প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানিয়েছেন।

বর্তমান চেয়ারম্যান ও মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি আনাইতারা ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গত ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ড আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। একটি চক্র নানা কারসাজির মাধ্যমে আমার নৌকার মনোনয়ন বাতিল করে ছাত্রদলের সাবেক নেতাকে কি ভাবে মনোনয়ন দিলেন এটা আমার বোধগম্য নয়। ছাত্রদল নেতার এই মনোনয়ন বাতিলসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নীতি নির্ধারনীদের নিকট জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে নৌকার মনোনয়ন প্রাপ্ত মীর শরীফ হোসেন বলেন, ‘আমি পূর্বে ছাত্রদল করে এজিএস পদে নির্বাচন করেছিলাম। ২০০০ সালের পরে আমি ও আমার পরিবারসহ আওয়ামী লীগে যোগদান করেছি। এখন পর্যন্ত আওয়ামী লীগের হয়ে এলাকায় কাজ করছি। দল আমাকে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন দিয়েছেন।’

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল বলেন, মীর শরীফ হোসেন আগে ছাত্রদল করতেন। পরে যুবলীগে যোগদানের মাধ্যমে আওয়ামী লীগে তার অবস্থান। তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। নানা জটিলতার কারণে পূর্বের প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করে মীর শরীফ হোসেনকে আওয়ামী লীগ নৌকার মনোনয়ন দিয়েছে।

ইত্তেফাক/এসআই