দৌলতদিয়ায় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:০৮

ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পদ্মা পারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন।

বুধবার (৮ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে মাঝ নদীতে ফেরির আলো অস্পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ। এতে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে চার কিলোমিটার এলাকায় চার শতাধিক যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার ও গোয়ালন্দ মোড়ে আরও দুই কিলোমিটার এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। পরে ধীরগতিতে গাড়ির সারিগুলোকে সামনে এগোতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, ‌‘কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে এলে ভোর ৫টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়ে।’

ইত্তেফাক/কেকে