আজ (৯ ডিসেম্বর) রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মজার বিষয় হলো- ১০০ কোটি রুপিতে বিয়ের ভিডিও বিক্রি করবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। কিনবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম। অনেক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই একই প্রতিবেদন।
অন্যদিকে বিয়ের ছবিগুলো প্রকাশ করবে ভোগ ইন্ডিয়া। এই ফ্যাশন ম্যাগাজিনের গুরুত্বপূর্ণ পদে থাকা শ্রফ আদাজানিয়া আবার ক্যাটরিনার বান্ধবী। তার সঙ্গে দুই দফায় মিটিংও করেছেন ভিকি-ক্যাট।
এর আগে প্রিয়াঙ্কা-নিক ও রণবীর-দীপিকার বিয়ের ছবিও এভাবে বড় অঙ্কের অর্থের বিনিময়ে কিনে প্রকাশ করে গণমাধ্যম। আর এ কারণেই বিয়েতে আমন্ত্রিত অতিথিরা কেউ কোনো ছবি তুলতে পারবেন না, এই শর্তে চুক্তিপত্রে স্বাক্ষর করে মুঠোফোন জমা দিয়ে তবেই ‘বিয়ে খেতে’ পারবেন তারা।
বিয়ের চার দিনের সব আয়োজন শেষ না হওয়া পর্যন্ত কেউ রিসোর্টের বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগও রাখতে পারবেন না। অর্থাৎ, বিয়েবাড়িতে এসে আক্ষরিক অর্থে বন্দী হয়ে যাবেন তারা।
একাধিক দাওয়াত পাওয়া অতিথি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এই ধরনের নিষেধাজ্ঞায় তারা মানসিকভাবে চাপ অনুভব করেছেন। কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেছেন। তবু বিয়ের আমন্ত্রণ বলে কথা! হাসিমুখেই বিয়েতে যাবেন তারা।
ইত্তেফাক/বিএএফ

ক্যাটরিনার বিয়ের দিন কেন দেশ ছাড়লেন সালমান