‘লাল মোরগের ঝুঁটি’ দেখা যাবে যেসব সিনেমা হলে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:০৫

নূরুল আলম আতিক পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার (১০ ডিসেম্বর)। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি প্রথম সপ্তাহে ঢাকা ও নারায়ণগঞ্জের ৬টি হলে মুক্তি পাচ্ছে।

সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি মিরপুর, মহাখালীর এসকেএস, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার এবং নারায়নগঞ্জের সিনেস্কোপে দেখা যাবে সিনেমাটি।

২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায় মুক্তিযুদ্ধের গল্পের সিনেমাটি। শুটিং শুরু হয় ২০১৬ সালে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

সিনেমাটি প্রযোজনা করছে পাণ্ডুলিপি কারখানা। প্রযোজক হিসেবে আছেন মাতিয়া বানু শুকু। চিত্রগ্রহণে সুমন সরকার, কাশেফ শাহবাজী, মাজাহারুল ইসলাম, সম্পাদনা সামির আহমেদ, শব্দে সুকান্ত মজুমদার, সংগীত রাশিদ শরীফ শোয়েব, শিল্প নির্দেশনায় লিটন কর, ওয়াদুদ রেইনি, পোশাক পরিকল্পনায় শারমিন নাহার লাকী, আফরোজা, মৃন্ময়ী সরকার, রূপসজ্জায় মো. ফারুক, ফরহাদ রেজা মিলন।

ইত্তেফাক/বিএএফ