নানা চাপে গণমাধ্যম স্বাধীনতা হারাচ্ছে: টিআইবি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:২৩

ব্যবসায়িক স্বার্থ ও শক্তিশালী বিভিন্ন মহলের প্রভাবে বাংলাদেশের গণমাধ্যম তার স্বাধীনতা হারাচ্ছে। অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রেও নানামুখী চাপ তৈরি করা হচ্ছে। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা: গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমের সোচ্চার হওয়ার মতো পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারের। কিন্তু এখন অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে নানা ধরনের চাপ দেখা যাচ্ছে। বাক্‌স্বাধীনতা ও মতপ্রকাশের ক্ষেত্রে নানামুখী প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।

প্রাতিষ্ঠানিক সহায়তা না পেলে অনুসন্ধানী সাংবাদিকতা করা সম্ভব নয় বলে মনে করেন গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজিএন) রোভিং এশিয়া এডিটর মিরাজ আহমেদ চৌধুরী।

অনুসন্ধানী সাংবাদিকতা করার সাহস দিন দিন কমে যাচ্ছে বলে মনে করেন বৈশাখী টেলিভিশনের প্ল্যানিং কনসালট্যান্ট জুলফিকার আলী। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা করার ক্ষেত্রে বাইরের চাপ যেমন আছে, তেমনি প্রতিষ্ঠানের ভেতরের ও সাংবাদিকদের লোভ-লালসারও দায় আছে।

গণমাধ্যমগুলো প্রতিনিয়ত দুর্বল হচ্ছে বলে মনে করেন একাত্তর টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর সুজন কবির। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার যে চাপ, মালিকপক্ষ তা নিতে চায় না।

সভায় আরও বক্তব্য দেন টিআইবির পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্প ডেস্কের প্রধান বদরুদ্দোজা বাবু।


ইত্তেফাক/এনঅ