‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২১:৪৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’স্লোগানকে সামনে রেখে আগামীকাল ১০ ডিসেম্বর ‘প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক মনোয়ার হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এবারের মেলায়ও থাকছে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

এ বছর করোনা পরিস্থিতির কারণে মেলা জুড়ে বাড়তি সতর্কতা থাকবে। আর এ লক্ষ্যে প্রতিবছর আয়োজিত বর্ণাঢ্য র্যালি বর্জন করা হয়েছে বলে জানান মেলার আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন।

প্রজাপতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসমত আলীকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২১ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমীকে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট-২০২১ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, মেলায় বিভিন্ন প্রজাতির প্রজাপতি দর্শনের আয়োজন করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের ভেতরে জীবন্ত প্রজাপতি দর্শনের ব্যবস্থা থাকবে।