চতুর্থ দফা ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় রাজশাহীর দুর্গাপুরের ৬ আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। শিগগিরই তাদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে চূড়ান্ত অব্যাহতির জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হবে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুর্গাপুর উপজেলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন, নওপাড়া ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, কিসমত গণকৈড় ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আকবর আলী, পানানগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদম আলী, দেলুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, ঝালুকা ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোজাহার আলী মন্ডল এবং জয়নগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সমসের আলী।
সংবাদ সম্মেলনে বলা হয়, কেন্দ্রীয় দিকনির্দেশনা মোতাবেক দলের সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় ৬ আওয়ামী লীগ নেতাকে তাদের স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের গত ২ নভেম্বর ২০২১ তারিখের পত্রাদেশের প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছেও বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে এবং প্রচার প্রচারণায় অংশ নিবেন তাদেরকে আগামী ৩ দিনের মধ্যে দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান নিতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদেরও দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আবেদন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি একেএম শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু ও সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ।
