প্রতিটি বিভাগে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০০:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণের সুবিধা দেওয়ার লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আমার বিশ্বাস বাংলাদেশে বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রয়েছে।’

বৃহস্পতিবার রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম.পি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আরও দুটির অনুমোদন দেওয়া হয়ে গেছে বাকিগুলোও আমরা করে দেব। যাতে করে সেখানে খেলাধুলার বিষয়ে আমাদের ছেলে-মেয়েরা ভাল প্রশিক্ষণ নিতে পারে সে ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি।’ 

ক্রীড়াবিদদের সহযোগিতার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অসুস্থ ও অসচ্ছল ক্রীড়াসেবীদের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে করোনার মধ্যেও ১০ কোটি টাকার সীডমানি প্রদান করেছি এবং অচিরেই ক্রীড়াসেবীদের কল্যাণে আরও ২০ কোটি টাকা প্রদান করা হবে। আমরা চাই ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ অন্যসব ক্রীড়াক্ষেত্রেও আমাদের ছেলেমেয়েরা ভালো করুক। অন্য ইভেন্টগুলোতেও বাংলাদেশ যেন অনেক দূর এগিয়ে যেতে পারে- সেজন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্রীড়া উন্নয়নে আমাদের সহযোগিতা চলমান থাকবে।’

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এ আয়োজন ক্ষুদে ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজনটিতে করোনাকালীন সময়েও উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সর্বমোট ১ লক্ষ ১০ হাজার ৫৫২ জন খেলোয়াড় অংশ নিয়েছে। এ টুর্নামেন্টসমূহ থেকে প্রতিভাবান ৪০ জন বালক ও ৪০ জন বালিকা খেলোয়াড়দের নিয়ে বিকেএসপিতে ৩ মাসের নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে এবং তাদের মধ্য থেকে সেরা ১১ জন বালক খেলোয়াড়কে ব্রাজিলে এবং সেরা ১১ জন বালিকা খেলোয়াড়কে ইউরোপে ১ মাসের উচ্চতর প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হবে। সরকার ইতোপূর্বেও এই টুর্নামেন্টের সেরা ৪ জন খেলোয়াড়কে ২০১৯ সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী গামা ক্লাবে  উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং ৪২ জন খেলোয়াড়কে বিকেএসপিতে তিন মাস মেয়াদি উন্নত প্রশিক্ষণ প্রদান করেছে।’ 

 

ইত্তেফাক/এসআই