ফেনীর ফুলগাজীতে মৌসুমি ধানকাটার দিনমজুর সেজে গাঁজার ব্যবসা করার অপরাধে রুবেল দাস (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে আমজাদহাট ইউনিয়ন বাজারের প্রধান সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা রুবেল দাস। দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন মৌসুমে কাজ করার জন্য ফুলগাজী এলাকায় আসা-যাওয়া করতেন। গত কিছুদিন আগে সে সুমামগঞ্জ থেকে ধানকাটার কাজ করার অজুহাত দেখিয়ে ফুলগাজীর সীমান্তবর্তী আমজাদহাট এলাকায় এসেছেন। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পুলিশ। এ সময় ব্যাগের ভেতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন বলেন, পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা নিয়ে ফেনীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। বৃহস্পতিবার দুপুরে তাকে ফেনীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
